স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে একসময় মাঠ মাতিয়েছেন অ্যালবি মরকেল। দীর্ঘ বিরতির পর আবারও চেন্নাইয়ে ফিরছেন তিনি। তবে আর খেলোয়াড় হিসেবে নয়, দায়িত্ব সামলাবেন দলের সহকারী কোচের। পরবর্তী মৌসুমকে সামনে রেখে কোচিং স্টাফে বড় পরিবর্তনের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে যুক্ত করেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
চেন্নাইয়ের সঙ্গে মরকেলের সম্পর্ক বেশ পুরোনো। আইপিএলের প্রথম আসর ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ছয় মৌসুম দলটির হয়ে খেলেছেন তিনি। হলুদ জার্সিতে ৭৮ ম্যাচে ব্যাট হাতে ৮২৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭৬ উইকেট। এবার তাঁর সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।
কোচিংয়ে অবশ্য নতুন নন মরকেল। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন জোবার্গ সুপার কিংসের কোচিং স্টাফে রয়েছেন তিনি। স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর দলটির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পেয়েছেন এই প্রোটিয়া।
এদিকে, দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টেনে চেন্নাই ছেড়েছেন ফ্লেমিং। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাঁর কোচিং স্টাফে যোগ দিয়েছেন এরিক সিমন্স ও জেমস ফোস্টার।
নতুন মৌসুমে চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক ক্রিকেটার জহির খান। বোলিং কোচ হয়েছেন মোহিত শর্মা। সহকারী কোচ হিসেবে মরকেলের সঙ্গে থাকছেন ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। আগের কোচিং স্টাফ থেকে শ্রীধরন শ্রীরাম ও জেমস ফোস্টারও থাকছেন দলে।