স্পোর্টস ডেস্ক: বুধবার (২৮ অক্টোবর) প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই টুর্নামেন্টে ফাইনাল খেলার সুযোগ আছে টাইগারদের সামনে। তাই সিরিজটি স্বাগতিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের উইকেটও এখন আলোচনায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলাররা ভালো করায় এই আলোচনায় পেয়েছে নতুন মাত্রা। প্রশ্ন উঠেছে, ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের উইকেট স্পিন বান্ধব নাকি হবে পেস সহায়ক। আর বাংলাদেশের একাদশই বা কেমন হবে।
তবে সমর্থকদের অপেক্ষাই করতে হচ্ছে। কন্ডিশন বিবেচনায় একাদশ সাজাবেন বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘পেস ও স্পিন দুই দিকেই ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজও এই কন্ডিশন দেখতে পারে, তাই বলতে চাই না। কন্ডিশন অনুযায়ী আমরা একাদশ সাজাব। -- ডেইলি ক্রিকেট
বাংলাদেশের স্কোয়াডে এখন তারকা পেসারের ছড়াছড়ি। কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়ে মধুর সমস্যায় পড়তে হয় অধিনায়ক কিংবা নির্বাচকদের। তবে প্রত্যেক পেসার সবসময় প্রস্তুত থাকে বলে জানিয়েছেন শান্ত।
শান্ত বলেন, ‘মধুর সমস্যা কিনা বলতে চাই না। পেসাররা জানে কে কখন খেলবে। তারা খুবই ক্লিয়ার, কোন কন্ডিশনে কে খেলবে। তারা প্রত্যেক সিরিজের জন্য, প্রত্যেক ম্যাচের জন্য প্রস্তুত থাকে। যেকোনো সময় যে কাউকে ম্যাচের জন্য নিতে পারি।
চোটের কারণে সবশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। তবে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। অধিনায়ক শান্তও সবাইকরে রাখলেন অপেক্ষায়।
লিটনকে নিয়ে তিনি বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। এখনও ভালো আছে। ফিজিও-ট্রেনার এখনও রিপোর্ট দেয়নি। সব ঠিকঠাক থাকলে খেলবে। এখনও শতভাগ রিপোর্ট পাইনি। যদিও প্র্যাকটিসে ব্যাটিং-কিপিং সবই করেছে।
এদিকে, মঙ্গলবার ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে শান্ত জানালেন, এখন পর্যন্ত মুশফিক ঠিক আছেন।