স্পোর্টস ডেস্ক : বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টকে দেশের জন্য গর্বের উপলক্ষ হিসেবে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।
ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপরও গুরুত্ব দেন আমিনুল হক। তিনি বলেন, তরুণদের এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে সেরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রীড়ার আদর্শ বজায় রাখার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।