স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে আবেদন করেছেন সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তাঁর সঙ্গে আবেদন করেছেন মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ার ও সলিল অঙ্কোলা। নির্বাচক পদের সাক্ষাৎকারে প্রার্থীদের রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী ও শুভমান গিলকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে।
প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ শেষ হওয়ায় তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নির্বাচক পদে আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন জাফর। একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘আমি নির্বাচক পদের জন্য আবেদন করেছি।’
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে প্রার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মাকে দলে রাখা উচিত কি না। কেন যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়া হয়নি, সে বিষয়েও তাঁদের মতামত জানতে চাওয়া হয়।
এ ছাড়া তরুণ বৈভব সূর্যবংশীকে ওয়ানডে দলে না নেওয়ার সিদ্ধান্ত কীভাবে সামলানো হবে, সেই প্রশ্নও করা হয়েছে। শুভমান গিল গুরুতর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়েও প্রার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে।