স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে তালিবান শাসনে নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। অলি পোপ, উইল স্মিড ও ডেভিড উইলি নিলামের ড্রাফট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। এতে শুরুতেই চাপে পড়েছে নতুন এই টি-টোয়েন্টি লিগের আয়োজকেরা।
আগামী ২৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা এপিএলের প্রথম আসর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে লিগটিতে খেলার কথা ছিল পোপের। তবে তিনি অনাপত্তিপত্রের জন্য আবেদন করেননি।
এপিএলে ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ইসিবির ক্রিকেট পরিচালক রবার্ট কি বলেন, আইনি কারণে তাঁদের খেলা নিষিদ্ধ করা কঠিন। তবে খেলোয়াড়দের নৈতিক অবস্থান নেওয়া উচিত। আফগানিস্তানে নারীদের প্রতি আচরণেরও সমালোচনা করেন তিনি।
২০২১ সালে তালিবান শাসন ফেরার পর থেকে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ইংল্যান্ড। নারীদের প্রতি বৈষম্যমূলক নীতির প্রতিবাদে নেওয়া হয়েছে এই অবস্থান।
এপিএলের ড্রাফটে এখনো রয়েছেন মইন আলি, দাউইদ মালান, জেমস রিউ ও জেমস ভিন্স। তাঁরাও সরে দাঁড়ালে নতুন এই লিগের পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে।