স্পোর্টস ডেস্ক : বাগ্দান ভেঙে দেওয়ার দু’মাসের মধ্যেই সিদ্ধান্ত বদল! ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ’র সঙ্গে ফের সম্পর্কে জড়ালেন আকৃতি অগ্রবাল। গত সেপ্টেম্বরে বাগ্দান ভাঙার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার জানালেন, কাছের কয়েকজনের কথায় ভুল বুঝেই সম্পর্ক থেকে সরে এসেছিলেন।
সমাজমাধ্যমে এক পোস্টে আকৃতি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক নিয়ে এমন কিছু মানুষের কথা শুনেছিলেন, যাঁরা নিজেদের দু’জনের চেয়েও সম্পর্কটি ভালো বোঝেন বলে মনে হয়েছিল। তাঁদের কথায় প্রভাবিত হয়েই বাগ্দান ভাঙার সিদ্ধান্ত নেন তিনি। তবে পৃথ্বীর সঙ্গে সরাসরি কথা না বলেই এমন সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছিল বলে এখন মনে করছেন আকৃতি। -- আনন্দবাজার
নিজের সিদ্ধান্তের দায়ও নিয়েছেন তিনি। আকৃতির বক্তব্য, পরে দু’জনে নিজেদের মধ্যে কথা বলেছেন, একে অপরকে বুঝেছেন। তার পরেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিজেদের সম্পর্ক এগিয়ে নিতে অন্য কারও পরামর্শের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন আকৃতি।
চলতি বছরের ৮ মার্চ পৃথ্বী ও আকৃতির বাগ্দান হয়েছিল। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর আকৃতি জানান, ভবিষ্যতের লক্ষ্য, দায়িত্ব ও পরিস্থিতির পার্থক্যের কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় দু’জনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন তিনি।
বিচ্ছেদের ঘোষণার সময় ব্যক্তিগত বিষয় নিয়ে জল্পনা না ছড়ানোর অনুরোধও করেছিলেন আকৃতি। কিন্তু দু’মাস না পেরোতেই ফের সিদ্ধান্ত বদল। আপাতত পুরোনো ভুল বোঝাবুঝি সরিয়ে রেখে পৃথ্বীর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চান তিনি।