স্পোর্টস ডেস্ক : আবারও শুরু হচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সব জল্পনার অবসান ঘটিয়ে পিএসএলের পরবর্তী আসরের সময়সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ঠিক থাকলে টুর্নামেন্টটির দ্বাদশ আসর মাঠে গড়াবে আগামী বছরের ১৮ মার্চ, পর্দা নামবে ২ মে।
লিগের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সূচি নির্ধারণ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে আট দলের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিএসএলের পরবর্তী আসরের সফলতা নিয়ে এখন থেকেই বেশ আশাবাদী পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
তিনি বলেন, ‘পিএসএলের আগের আসর বিশ্বকে দেখিয়েছে, এই লিগ কতটা এগিয়ে যেতে পারে। পুরো দেশকে মুগ্ধ করা রোমাঞ্চকর মুহূর্ত, রেকর্ড দর্শক ও সম্প্রচারের নতুন রেকর্ড; সবই ছিল সেই আসরে। পিএসএল-১২ কে আমরা আরও উঁচু মানে নিয়ে যেতে চাই।
পিএসএলের সর্বশেষ আসরে দেখা গিয়েছিল বেশ কিছু নতুনত্ব। প্রথমবারের মতো আটটি দল অংশ নেয়। পাশাপাশি খেলোয়াড় বাছাইয়ের পুরোনো পদ্ধতি বদলে চালু করা হয় নিলাম। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালেও তৈরি হয় দর্শক উপস্থিতির রেকর্ড। ম্যাচটি দেখতে মাঠে এসেছিলেন প্রায় সাড়ে ৩২ হাজার দর্শক।