স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি জীবনে ছিলেন আক্রমণাত্মক ব্যাটার। বোলারদের তুলোধুনো করতে ভালোবাসতেন। সেই ম্যাথু হেইডেন বিশ্লেষক হিসেবেও হএকই গতিতে ছুটছেন অজি সাবেক এই ক্রিকেটার।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে সুযোগ পেয়েছেন নিক ম্যাডিনসন। যিনি অণ্ডকোষের ক্যান্সার কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় গত ১৯ মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেননি। তার আগের মৌসুমে শেফিল্ড শিল্ডেও ভালো করতে পারেননি। ১৭.০৪ গড়ে রান করেছেন তিনি। যা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন হেইডেন। তিনি নির্বাচকদের একপ্রকার ধুয়ে দিয়েছেন। -- ডেইলি ক্রিকেট
সম্প্রতি একটি পডকাস্টে হেইডেন বলেন, “আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আমরা ক্রিকেটের এই প্রজন্মে দেখা সবচেয়ে বড় মাঝারি মানের ক্রিকেটারদের তুলে ধরছি।
২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলে ২৭ রান করেছেন ম্যাডিনসন। প্রথম শ্রেনির ক্রিকেটেও তার পারফরম্যান্স আহামরি নয়। ১২৯ ম্যাচে ৩৭ গড়ে সাড়ে আটহাজার রান করেছেন তিনি।
তাকে নিয়ে হেইডেন বলেন, যদি আমরা এই ধারণাটা ধরে রাখি এবং আশা করি যে, (প্রথম শ্রেণির ক্রিকেটে) ৩৫ গড়ের একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৫৫ গড় করবে… তাহলে (নির্বাচক) জর্জ বেইলি এবং টনি ডডেমেইড, আপনারা দিবাস্বপ্ন দেখছেন। আমি সহজভাবেই বলছি। আপনারা স্রেফ দিবাস্বপ্ন দেখছেন।
সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন, আপনারা এই জঘন্য অজুহাতগুলো চাপিয়ে দিচ্ছেন। আমার মতে, আপনারা প্রথম-শ্রেণির ক্রিকেটকে অসম্মান করছেন। আপনারা এটা করতে উঠেপড়ে লেগেছেন। এমন ব্যাটসম্যানদের দলে নেওয়া উচিত যাদের গড় ৪৫ বা তার বেশি। কিন্তু আপনারা তা পারছেন না, কারণ তারা খেলতে চায় না।