স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার সরব হলেন রবি শাস্ত্রী। জেলবন্দি ইমরানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তার প্রতিবাদ করেছেন তিনি। এর আগে বার বার ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়কেরা ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে চিঠি দিয়েছেন তাঁরা। আরও এক বার শাস্ত্রীর মুখে শোনা গেল ইমরানের প্রসঙ্গ।
এক সাক্ষাৎকারে ইমরানকে নিয়ে মুখ খোলেন শাস্ত্রী। তিনি বলেন, “আমি রাজনীতিবিদ নই। কিন্তু সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তা দেখে আমি স্তম্ভিত। কোনও মানুষেক উপর কেউ এত অত্যাচার করতে পারে। মানবিকতা বলেও তো কিছু আছে। ও এত অত্যাচারের যোগ্য নয়। আমার মনে হয়, বিশ্বে অনেক ক্রিকেটার আমার মতো একই কথা মনে করেন। -- আনন্দবাজার
ইমরানের মুক্তির দাবি তোলার পাশাপাশি তাঁর সুস্থতার কামনাও করেছেন শাস্ত্রী। তিনি বলেন, ইমরানের চোখের সমস্যার কথা শুনেছি। ওকে এ বার মুক্তি দেওয়া উচিত। আমি আশা করছি, ওর শরীর সুস্থ রয়েছে। ও দুর্দান্ত একজন নেতা। আমি চোখের সামনে দেখেছি, কী ভাবে ৪০ বছর বয়সে এক অধিনায়ক নিজের কাঁধে একটা দেশকে বিশ্বকাপ জিতিয়েছে।
২০২৩ সাল থেকে জেলে বন্দি ইমরান। দুর্নীতির দায়ে জেলে গেলেও তাঁর সঙ্গে আরও ভাল ব্যবহার করা উচিত ছিল বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, আশা করছি, ওকে জেলের বাইরে নিয়ে আসা হবে। ও দীর্ঘ দিন জেলে রয়েছে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু ওর সঙ্গে আরও ভাল ব্যবহার করা উচিত ছিল। বিশ্বে ও পাকিস্তানের মুখ। তার সঙ্গে এমন ব্যবহার ঠিক নয়।
তোষাখানা দুর্নীতি-সহ একাধিক মামলায় সাজা হয়েছে তাঁর। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হন তিনি। ইমরান যদিও দাবি করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁকে জেলে পাঠানো হয়েছে। গত বছর ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁর দুই পুত্রও। কপিল দেব, সুনীল গাওস্করের মতো ভারতীয় ক্রিকেটারেও ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বার শাস্ত্রীও সরব হলেন।