স্পোর্টস ডেস্ক : জল্পনার অবসান। আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আগামী ২০২৭ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। মঙ্গলবার সৌরভকে কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দিল্লি।
গত দুই মৌসুমে দিল্লির প্রধান কোচ ছিলেন হেমাঙ্গ বাদানি। এবার তাঁর জায়গায় দায়িত্ব পেলেন সৌরভ। আইপিএলে কোচ হিসেবে এটাই হতে যাচ্ছে ‘দাদা’র প্রথম বড় দায়িত্ব।
দিল্লির সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজিটির উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। পরে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন ‘ডিরেক্টর অব ক্রিকেট’-ও।
দায়িত্ব পেয়ে সৌরভ বলেছেন, দিল্লির সঙ্গে তাঁর সম্পর্ক ‘হৃদয়ের খুব কাছের’। নতুন দায়িত্ব নিয়ে তিনি রোমাঞ্চিত। তাঁর লক্ষ্য, শক্তিশালী দল গড়ে আইপিএল ট্রফির লড়াইয়ে দিল্লিকে আরও এগিয়ে নেওয়া।
দিল্লির চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দালও সৌরভের নিয়োগে উচ্ছ্বসিত। তাঁর বিশ্বাস, ভারতের অন্যতম সেরা অধিনায়কের নেতৃত্ব ও দূরদর্শিতা দিল্লিকে আইপিএল শিরোপা জয়ের পথে এগিয়ে নেবে।
দিল্লির আরেক সহ-মালিক কিরণ কুমার গ্রান্ধিও সৌরভের অভিজ্ঞতাকে দলের জন্য বড় সম্পদ হিসেবে দেখছেন। খেলোয়াড়ি জীবন শেষে প্রশাসনে সফল সৌরভ এবার কোচিংয়েও কতটা সফল হন, সেটিই এখন দেখার।