স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি দীর্ঘ আলোচনা শেষে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছ। ক্রিকেট বিশ্বে তিন মোড়ল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আপত্তির কারণে অন্তত ২০৩১ সাল পর্যন্ত নতুন এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, এই সময়ের মধ্যে নতুন কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও আয়োজন করবে না আইসিসি।
আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এসএ২০ ও দ্য হান্ড্রেডের মতো ঘরোয়া টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’র আদলে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৭-২০৩১ মেয়াদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ফলে নতুন টুর্নামেন্টের জন্য আলাদা সময় বের করা কঠিন।
এ নিয়ে আইসিসি ও সদস্য দেশগুলোর মধ্যে কয়েক মাস ধরে অনানুষ্ঠানিক আলোচনা চলছিল। গত সপ্তাহে দুবাইয়ে আইসিসির অপারেশনস মিটিংয়ে নতুন কোনো টুর্নামেন্ট বা ইভেন্ট না আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমান ১০ দলের পরিবর্তে দলসংখ্যা বাড়িয়ে ১২ করার পরিকল্পনা বিবেচনায় আছে। এতে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলগুলো সুযোগ পেতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ও আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যে আইসিসি আরও কিছু উদ্যোগের কথা ভাবছে। এর মধ্যে আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণে চার দলের টি-টোয়েন্টি ‘কোয়াড্রাঙ্গুলার সিরিজ’ও রয়েছে। কিন্তু এসব আয়োজনের জন্য নতুন উইন্ডো প্রয়োজন, আর সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছে ‘বিগ থ্রি’।
নব্বইয়ের দশক ও ২০০০-এর শুরুর দিকে ত্রিদেশীয় সিরিজ ছিল বেশ জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে এর আবেদন কমলেও ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আবারও এমন সিরিজ আয়োজন হতে যাচ্ছে। ছোট দেশগুলোও আইসিসির নতুন ধরনের টুর্নামেন্ট ও সিরিজে আগ্রহী। কিন্তু সূচি নিয়ে নিজেদের অবস্থানে এখনো অনড় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।