স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের আগে চোট-দুশ্চিন্তা বাড়ল ভারতের। চোটের কারণে হার্দিক পাণ্ড্য ও হর্ষিত রানার খেলা অনিশ্চিত। আগামী ২২ অক্টোবর শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ।
হর্ষিতের দুই ঊরুতেই হালকা টান ধরা পড়েছে। রিহ্যাবের মধ্যেই জ্বর, গলা ব্যথা ও সর্দিতে আক্রান্ত হওয়ায় তাঁর বোলিং অনুশীলন শুরু করা যায়নি। ফলে ম্যাচ ফিট হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
অন্যদিকে ডান পায়ের কাফ পেশিতে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে হার্দিকের। তাঁকে ছয় থেকে আট সপ্তাহের চিকিৎসা ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। তাই দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই তাঁরও।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। পুরোপুরি ফিট হওয়ার পরই তাঁদের মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের।