স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের দুর্দশা কাটাতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেই পরিকল্পনায় সাবেক তারকা পেসার শোয়েব আখতারকে বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আলোচনা ছিল। তবে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ জানিয়ে দিয়েছেন, পিসিবির কোনো পদে তিনি যাচ্ছেন না।
কেন এমন সিদ্ধান্ত? শোয়েবের ভাষ্য, এর পেছনে রয়েছে তাঁর মায়ের পরামর্শ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পিসিবি ও ক্রিকেটের রাজনীতি থেকে দূরে থাকতে তাঁকে পরামর্শ দিয়েছেন তাঁর মা। সেই পরামর্শই মেনে চলবেন তিনি। -- সংবাদপ্রতিদিন
সম্প্রতি শোয়েবের ভাই মারা গেলে তাঁর সঙ্গে দেখা করেছিলেন নকভি। এরপর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পেও শোয়েবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়ার কথাও শোনা যাচ্ছিল।
তবে শোয়েব দাবি করেছেন, পিসিবিতে যোগ দেওয়ার খবরটি নিছকই জল্পনা। নকভির সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের খবরও অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হিউস্টনে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে।
পাকিস্তান ক্রিকেটকে শুভকামনা জানিয়ে শোয়েব বলেছেন, বোর্ডের কোনো পদে তিনি থাকছেন না। তবে পাকিস্তান ক্রিকেটকে সেবা করার আরও অনেক পথ খোলা আছে বলেও জানিয়েছেন সাবেক এই তারকা পেসার।