স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের এক বছর আগে থেকেই দল গোছানোর কাজ শেষ করতে হবে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা নয়, বরং নির্দিষ্ট একটি কোর দল নিয়ে এগোতে হবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ভারতকে এমনই পরামর্শ দিয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
যুবরাজের মতে, বর্তমান ভারতীয় দলে বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে। তবে সাফল্যের জন্য এখন থেকেই ১৬ থেকে ২০ জন ক্রিকেটারকে নিয়ে একটি নির্দিষ্ট দল তৈরি করা জরুরি। ---- আজকাল
বিশেষ করে ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে যারা খেলবেন, তাঁদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন ২০১১ বিশ্বকাপের নায়ক। তাঁর ভাষায়, বিশ্বকাপের অন্তত এক বছর আগে থেকেই দল প্রস্তুত করা উচিত।
“দলে খুব বেশি রদবদল করা উচিত নয়। বিশ্বকাপে যাওয়ার অন্তত এক বছর আগে থেকেই দল প্রস্তুত করতে হবে। প্রতিটি পজিশনে অভিজ্ঞতা প্রয়োজন। চার, পাঁচ বা ছয় নম্বরে যারা খেলবে, তাদের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দিতে হবে,” বলেছেন যুবরাজ।
তবে এখনই বিশ্বকাপ জয়ের চাপ নেওয়ার পক্ষপাতী নন তিনি। যুবরাজের পরামর্শ, স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে গিয়ে এমন একটি দল তৈরি করা, যেখানে প্রয়োজনের সময় ১৬ থেকে ২০ জন ক্রিকেটারই প্রস্তুত থাকবেন।
বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় অন্তত এক মাস আগে পৌঁছে প্রস্তুতি নেওয়ার পক্ষেও মত দিয়েছেন যুবরাজ। তাঁর বিশ্বাস, বর্তমান ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও কথা বলেছেন সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়না। তাঁর মতে, ব্যাটিং, বোলিং ও মানসিক দৃঢ়তা—সব দিক থেকেই বর্তমানে ভারত এগিয়ে।
রায়না বলেন, ভারতীয় ক্রিকেটাররা এখন ভয়ডরহীন ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন। চাপের মুহূর্ত সামলানোর ক্ষেত্রেও দলের বোলারদের সামর্থ্যের প্রশংসা করেছেন তিনি।
ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৮-০ রেকর্ডও তুলে ধরেছেন রায়না। ১৯৮৩ ও ২০১১ সালের পর ২০২৭ সালে ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের আশাও প্রকাশ করেছেন তিনি।