স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। শ্রেয়াস আইয়ারের দলের কাছে ১২৪ রানে হেরে গেছে লঙ্কানরা। ব্রোঞ্জের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে ভারত। জবাবে মাত্র ৪৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। ----- ডেইলি ক্রিকেট
নিশিনের করোগি স্পোর্টস পার্ক মাঠে দ্বিতীয় ওভারেই অভিষেক শর্মার উইকেট হারালেও ভারতকে ভালো শুরু এনে দেন বৈভব সূর্যবংশী। ২১ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করেন তরুণ এই ক্রিকেটার। অধিনায়ক আইয়ার করেন ১৩ বলে ১৩ রান।
তবে ভারতকে বড় সংগ্রহ এনে দেন ইশান কিষান। লঙ্কান বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান তিনি। ৪৬ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন কিষান। ইনিংসটিতে ৪টি বাউন্ডারির পাশাপাশি ৫টি ছক্কায় ছিল সাজানো ইনিংসটি।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন থারিন্দু রত্নানায়েকে ও সাহান আরাচিগে। রান তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বীতায় গড়তে পারেনি শ্রীলঙ্কা। নুয়ানিন্দু ফার্নান্দো ব্যতিত আর কেউ পারেননি দুই অঙ্কের ঘরে রান করতে। ১১ বলে ১৫ রান করেন নুয়ান্দু। বাকি সবাই ফিরেছেন এক অঙ্কের ঘরে।
ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা।