স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি। এরই মধ্যে বেজে উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ডঙ্কা। আগামীকাল বৃহস্পতিবার, ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘোষণা করা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। অর্থাৎ আসর শুরুর প্রায় এক বছর আগেই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ সূচি।
২০২৭ সালের ২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে বিশ্বকাপ। মহাত্মা গান্ধীর জন্মদিনে শুরু হবে এবারের আসর। ফাইনাল হতে পারে ২১ নভেম্বর।
সূচি ঘোষণার দিন থেকেই টিকিটের জন্য বিশেষ ব্যবস্থা চালু করবে আইসিসি। সরাসরি টিকিট বিক্রি না হলেও দর্শকেরা বিশেষ ব্যালটে নাম নিবন্ধন করতে পারবেন। পরে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকদের টিকিট দেওয়া হবে। তবে কতজনকে টিকিট দেওয়া হবে, তা এখনো জানায়নি আইসিসি।
এবারের বিশ্বকাপে খেলবে ১৪ দল। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি জায়গা পেয়েছে। আয়োজক হলেও নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আরও চার দল পাবে মূল পর্বের টিকিট।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে নবম হলেও দক্ষিণ আফ্রিকা আয়োজক হওয়ায় বাংলাদেশের সামনে খুলেছে সরাসরি বিশ্বকাপ খেলার দরজা। অন্যদিকে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে মূল পর্বে উঠতে খেলতে হবে বাছাইপর্ব।