স্পোর্টস ডেস্ক : এক যুগান্তকারী পরিবর্তন আসছে দেশের ঘরোয়া ক্রিকেটে। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘরোয়া টুর্নামেন্টের দল পরিচালনার দায়িত্ব যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির হাতে। তিন বছরের জন্য ছয় ফ্র্যাঞ্চাইজির কাছে দলগুলোর মালিকানা হস্তান্তরের মাধ্যমে শুরু হচ্ছে বিসিবির এই নতুন উদ্যোগ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ থেকে ২০২৮—এই তিন মৌসুমের জন্য দল পাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে বিসিবি। প্রতিষ্ঠানগুলো হলো—এইস ব্লু প্রোপার্টিজ, একমি, ফরচুন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেন ব্যাংক ও ওয়ালটন।
স্কোয়াড সাইজ: প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় নিয়ে গঠিত হবে
ফরম্যাট: একই স্কোয়াডকে তিন সংস্করণ—টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে খেলতে হবে (আলাদা দল গড়ার সুযোগ নেই)
ম্যাচ সংখ্যা: প্রতি মৌসুমে প্রতিটি দল অন্তত ১৭টি টি-টোয়েন্টি, ৭টি লাল বলের ম্যাচ ও ১৬টি ওয়ানডে খেলবে (মোট ৪২টি ম্যাচ)
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে নতুন এই ঘরোয়া ক্রিকেট। এরপর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণির ক্রিকেট এবং মে মাসে হবে ওয়ানডে সংস্করণের ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বরিশাল স্টেডিয়ামে।
আইকন খেলোয়াড় ও চমক
তবে এবারের ড্রয়ে সবচেয়ে বড় বিস্ময় ছিল জাতীয় দলের তারকাদের নিয়ে। সাদা বলের অধিনায়ক লিটন দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কোনো ফ্র্যাঞ্চাইজিই আইকন হিসেবে বেছে নেয়নি।
যা বললেন বিসিবি সভাপতি
ঘরোয়া ক্রিকেটের হারানো আকর্ষণ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ঘরোয়া ক্রিকেট তার আকর্ষণ হারিয়েছে বলে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।
ম্যাচ পাতানো নিয়েও নানা সময়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। এসব বিষয় মাথায় রেখেই ঘরোয়া ক্রিকেটে আগের রূপ ও আগ্রহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, একটি বিষয় আমি এবং আমার বোর্ড একদম শক্তভাবে বিশ্বাস করি—আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি জানি না সফল হব কি না; তবে একটি বিষয় নিশ্চিত, আমি বা আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পায় না।
ম্যানেজমেন্ট ও ড্রয়ের প্রস্তুতি
খেলোয়াড় ড্রাফটের আগে আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টিম ম্যানেজমেন্ট বাছাই। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তিনজন করে কোচ নিয়োগের পাশাপাশি একজন করে কোচ, এনালিস্ট ও ফিজিওথেরাপিস্ট যুক্ত করবে। টিম ম্যানেজমেন্টেও ক্রিকেটের সঙ্গে জড়িত ও অভিজ্ঞ ব্যক্তিদের রাখা হবে বলে জানিয়েছে বোর্ড।