স্পোর্টস ডেস্ক : এক বলও খেলতে হলো না, ব্যাট ধরতে হলো না, এমনকি মাঠেও নামতে হলো না, তবুও সেমিফাইনালে ভারত-পাকিস্তান। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে এমনই নাটকীয়ভাবে শেষ হলো ভারত-আফগানিস্তান ও পাকিস্তান -হংকংয়ের কোয়ার্টার ফাইনাল।
নিশিনের করোগি সিটি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-আফগানিস্তানের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন ম্যাচ কর্মকর্তারা। --- ডেইলি ক্রিকেট
ম্যাচ বাতিল হতেই কপাল খুলে যায় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারতের। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলই পরের পর্বে যাবে। সেই নিয়মেই কোনো বল না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। আফগানিস্তান অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেয়েই বিদায় নেয়।
শিরোপা ধরে রাখার অভিযানে এখন ভারতের সামনে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।
এদিন বৃষ্টির প্রভাব পড়ে পাকিস্তান-হংকং ম্যাচেও। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালটিও পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে মাঠ উপযোগী না থাকায়। ভারতের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তানও উঠেছে সেমিফাইনালে।
স্বর্ণ জয়ের মিশনে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল। কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১ অক্টোবর ভারত ও পাকিস্তান- দুই দলই মুখোমুখি হবে নিজ নিজ সেমিফাইনালে।