স্পোর্টস ডেস্ক : সময় ফুরিয়ে আসছে। তাই আগামী ওয়ানডে বিশ্বকাপকেই পাখির চোখ করেছেন বিরাট কোহলি। ভারতের সাবেক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, পরের বিশ্বকাপই হতে পারে তাঁর শেষ। লক্ষ্য একটাই—ভারতকে ট্রফি এনে দেওয়া।
‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, “ভারতের হয়ে পরের বছর শেষবার বিশ্বকাপ খেলব। বিশ্বকাপ জেতাই আমার একমাত্র স্বপ্ন। যা-ই দরকার হোক, আমি পুরোপুরি তৈরি।”
নভেম্বরে ৩৮ পূর্ণ করবেন কোহলি। পরের বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৯। তাই শেষ সুযোগটায় নিজের সবটুকু উজাড় করে দিতে চান এই তারকা ব্যাটার। তাঁর কথায়, বিশ্বকাপের মতো বড় আসরে ১০ ম্যাচজুড়ে একই রকম একাগ্রতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ।
কোহলির সঙ্গে একই স্বপ্নে রোহিত শর্মাও। গত বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনো ভুলতে পারেননি ভারতের অধিনায়ক। এবার সেই আক্ষেপ মেটানোর লক্ষ্য তাঁর।
রোহিত বলেন, “আমি শেষ হয়ে গিয়েছি—এই ভাবনা কখনোই মাথায় আসেনি। যত দিন খেলছি, তত দিন কিছু না কিছু অনুপ্রেরণা থাকবেই। বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।”
একদিকে শেষ বিশ্বকাপের ঘোষণা কোহলির, অন্যদিকে পুরোনো আক্ষেপ মুছে নতুন স্বপ্ন রোহিতের। ভারতের দুই তারকার চোখ এখন একই জায়গায়—বিশ্বকাপের ট্রফি।