স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সর্বশেষ ছয় টি-টোয়েন্টিতে হার। কোচ হিসেবে পাঁচবার মুখোমুখি হয়ে পাঁচবারই পরাজয়। পরিসংখ্যানটা পাকিস্তানের পক্ষে একেবারেই স্বস্তির নয়। তবু এশিয়ান গেমসে ভারতকে চাপে ফেলার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।
এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে ভারত ও পাকিস্তান। সেখান থেকে দু’দল ফাইনাল কিংবা ব্রোঞ্জের লড়াইয়ে মুখোমুখি হতে পারে। জাপানে যাওয়ার আগে সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই হেসনের বার্তা, সুযোগ পেলে ভারতকে চাপে ফেলতে প্রস্তুত তাঁর দল।
‘সেরা প্রস্তুতি’ নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছেন জানিয়ে হেসন বলেন, “আমরা সেরা প্রস্তুতি নিয়েই জাপান যাচ্ছি। যাতে সুযোগ পেলে ভারতকে চাপে ফেলতে পারি। এশিয়া কাপের ফাইনালেও আমরা ভারতকে চাপে ফেলতে পেরেছিলাম। এবারও সুযোগ পেলে সেটাই করব।
তবে সম্ভাব্য ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না হেসন। তাঁর কথায়, “ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দু’দলকেই অনেক ক্রিকেট খেলতে হবে। আগে নিজেদের ম্যাচগুলো জিততে হবে। তাই এখনই বেশি এগিয়ে ভাবছি না।
ভারতের প্রশংসাও করেছেন পাকিস্তানের কোচ। সাদা বলের ক্রিকেটে ভারতকে এই মুহূর্তের ‘মানদণ্ড’ উল্লেখ করে হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদণ্ড। ওদের সমকক্ষ হওয়াই আমাদের চ্যালেঞ্জ।
এশিয়ান গেমসে নিজেদের দল নিয়েও আত্মবিশ্বাসী হেসন। নতুনদের জন্য এই আসরকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। তাঁর মতে, ভারসাম্যপূর্ণ ও আগ্রাসী দল নিয়ে জাপানে যাচ্ছে পাকিস্তান। অধিনায়ক সাহিবজাদা ফারহানের জন্যও এশিয়ান গেমস নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ মঞ্চ বলে মনে করছেন তিনি।
তবে মাঠের লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানটা পাকিস্তানকে বারবার মনে করিয়ে দিচ্ছে বাস্তবতা। ভারতের বিপক্ষে সর্বশেষ ছয় টি-টোয়েন্টিতে ছয় হার। হেসনের অধীনেও ভারতের বিপক্ষে জয় নেই। সেই হিসাব পাল্টে দেওয়ার সুযোগই এবার এশিয়ান গেমসে।