স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে গৌতম গম্ভীরকে। তবে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে জায়গা করে দিতে সঞ্জু স্যামসনকে বসানোর সিদ্ধান্তটিই নাকি তাঁর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। এমনকি সেই সিদ্ধান্তের রাতে ঘুমও হয়নি গম্ভীরের।
‘জিয়োস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কোচ বলেন, “আমার দুই বছরের কোচিং ক্যারিয়ারে ওই একটা রাতেই আমি ঘুমোতে পারিনি। সঞ্জুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। তার আগেই ও বিশ্বকাপ জিতিয়েছিল আমাদের। বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে তিন-চারটি ম্যাচ বাইরে রাখার সিদ্ধান্ত সহজ ছিল না। আনন্দবাজার
তবে বৈভবের দুর্দান্ত ফর্মও উপেক্ষা করতে পারেননি গম্ভীর। তাই সঞ্জুর সঙ্গে দীর্ঘ সময় কথা বলে তাঁকে সিদ্ধান্তের বিষয়টি বোঝান তিনি। গম্ভীর বলেন, “বৈভব যে ফর্মে ছিল, তাতে ওকে সুযোগ দিতেই হতো। সঞ্জুর সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম। ওকে বুঝিয়েছিলাম, কেন বৈভবকে সুযোগ দিচ্ছি।
পরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সঞ্জুকেই খেলিয়েছে ভারত, বাইরে থাকতে হয়েছে বৈভবকে। এবারও তরুণ ওপেনারকে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন গম্ভীর। তাঁর ভাষায়, “আমি বৈভবকে বলেছি, তুমি হয়তো রান করছ। কিন্তু অনেক সময় দীর্ঘদিন ধরে ভালো খেলা একজন ক্রিকেটারকেও সুযোগ দিতে হয়। তোমাকে অপেক্ষা করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম বা বাইরের কেউ ঠিক করে দেবে না কারা খেলবে।”
গম্ভীরের পরিকল্পনা অবশ্য পরিষ্কার—সঞ্জু ও বৈভব দুজনকেই প্রস্তুত রাখতে চান তিনি। প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একাদশ সাজাবেন। ২০২৮ অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ওপেনিংয়ে একাধিক বিকল্প তৈরি রাখতেই তাঁর এই পরিকল্পনা।