স্পোর্টস ডেস্ক : নিজের সেরা সময়টা দিতে পারেননি। তবে এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালের টিকিট ঠিকই কেটে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রাথমিক পর্বে ২২তম হয়েছেন ইমরানুর। আগামীকাল ২৫ সেপ্টেম্বর হবে ১০০ মিটারের সেমিফাইনাল।
প্রাথমিক পর্বে ছয়টি হিটে দৌড়েছেন ৪২ জন স্প্রিন্টার। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে। পাঁচ নম্বর লেনে দৌড়ানো বাংলাদেশের অ্যাথলেট ১০.৪৯ সেকেন্ড নিয়ে হয়েছেন চতুর্থ। তাঁর হিটে তৃতীয় হওয়া চাইনিজ তাইপের স্প্রিন্টার সময় নিয়েছেন ১০.৩৮ সেকেন্ড।
নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের শীর্ষ তিনজন সরাসরি সেমিফাইনালে ওঠেন। তাঁদের সঙ্গে যোগ দেন সব হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারী। সরাসরি জায়গা না পেলেও সময়ের বিচারে সেই ছয়জনের একজন হয়ে যান ইমরানুর।
তবে এদিন নিজের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারেননি বাংলাদেশের এই স্প্রিন্টার। তাঁর ক্যারিয়ার সেরা সময় ১০.১১ সেকেন্ড, চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। সেমিফাইনালে এবার সেই সময়ের কাছাকাছি যাওয়াই ইমরানুরের বড় চ্যালেঞ্জ।