স্পোর্টস ডেস্ক : তিন বছর পর আবারও ভারতের মাটিতে বসছে আইপিএলের নিলাম। ২০২৭ আইপিএলের নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
টানা তিন বছর দেশের বাইরে নিলাম আয়োজনের পর এবার সেই ধারায় ছেদ পড়ছে। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে হয়েছিল আইপিএলের নিলাম। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার বাছাইয়ের লড়াই ফিরছে ভারতেই। --- সংবাদপ্রতিদিন
সাইকিয়া জানিয়েছেন, ডিসেম্বরের নিলামের জন্য গোয়াকেই বেছে নেওয়া হয়েছে। এর আগে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও দেশে নিলাম ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন।
তবে নিলামের বাইরেও আলোচনায় আছে আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। নিয়মটি নিয়ে ক্রিকেটারদের মধ্যে বিতর্ক রয়েছে। বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত চেয়েছে বিসিসিআই। সব পক্ষের মতামত পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সাইকিয়া।
এদিকে আগামী আইপিএলের সূচি নিয়েও ভাবছে বিসিসিআই। আবহাওয়ার প্রতিকূলতা এড়াতে টুর্নামেন্ট এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী আসর ১০ মার্চের মধ্যে শুরু করে ১৫ মে’র মধ্যে শেষ করার কথা ভাবা হচ্ছে।