এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি আয়োজনের অনুরোধও এসেছিল চীনের পক্ষ থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়নি তারা। ফলে শনিবারের প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে।
সকালে নির্ধারিত ভেন্যুতে পৌঁছে দীর্ঘ সময় চীনা দলের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিপক্ষ না আসায় শেষ পর্যন্ত ম্যাচের পরিবর্তে নিয়মিত অনুশীলন সেশন করেন নিগার সুলতানা জ্যোতিরা। রোববার ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে সেই অনুশীলনকেই প্রস্তুতির কাজে লাগিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেন, ‘আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।’
ঘটনাটি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ফাইয়াজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি ও ২০২৬ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে কোয়ার্টার ফাইনালেও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভেজা মাঠের কারণে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
রোববার ফাইনালের টিকিটের লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে নিগারদের দল। শুক্রবার স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।