স্পোর্টস ডেস্ক : সুতোর ওপর ঝুলছে অজিত আগরকরের ভাগ্য। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের ভবিষ্যৎ নিয়ে শুক্রবারও স্পষ্ট কোনও উত্তর দিল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আগরকরের বর্তমান মেয়াদ শেষ হতে এখনও ১৫ দিন বাকি। তাই এখনই তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বুধবার দিল্লিতে ভারতের সাদা বলের সিরিজের দল বাছাইয়ের বৈঠকে শেষবার জাতীয় নির্বাচক কমিটির সভায় সভাপতিত্ব করেন আগরকর। তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৪ অক্টোবর।
মুম্বইয়ে বোর্ডের ৯৫তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইকিয়া বলেন, 'আমাদের হাতে এখনও ১৫ দিন আছে। ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। উপযুক্ত সময়ে আমরা সিদ্ধান্ত নেব এবং আপনাদের জানিয়ে দেব। আজ কোনও ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি।
আগরকরের মেয়াদ বাড়ানো হবে, নাকি তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে? বোর্ডের এজিএমে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বরং জাতীয় নির্বাচক কমিটির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের পদাধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে বোর্ডের একটি পর্যালোচনা বৈঠকে আগরকরের অনুপস্থিতি তাঁর পদ নিয়ে জল্পনা বাড়ায়। সেই সময় সাইকিয়া জানিয়েছিলেন, কম সময়ের নোটিসে বৈঠক ডাকা হয়েছিল বলে আগরকর শহরের বাইরে ছিলেন। যোগাযোগের সমস্যার কারণে অনলাইনেও তিনি বৈঠকে যোগ দিতে পারেননি। সেই বৈঠকে নির্বাচক কমিটিতে কোনও পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি বলেও জানিয়েছিলেন বোর্ড সচিব।
এদিকে নতুন জুনিয়র নির্বাচক কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু করেছে বিসিসিআই। সাইকিয়া জানান, এই পদের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ করার পরই নতুন জুনিয়র নির্বাচক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
সাইকিয়া বলেন, 'জুনিয়র নির্বাচক কমিটির জন্য আমরা বিপুল সংখ্যক আবেদন পেয়েছি। সেগুলি আমাদের ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে। যারা নির্বাচকদের বেছে নেওয়ার দায়িত্বে থাকবেন।
আগামী ১০-১৫ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হবে।' গত আগস্টে জুনিয়র ক্রিকেট কমিটির পাঁচটি পদের জন্য আবেদন চেয়েছিল বোর্ড। এই কমিটির দায়িত্ব হবে অনূর্ধ্ব-২২ স্তর পর্যন্ত ভারতের বয়সভিত্তিক দল নির্বাচন করা।