স্পোর্টস ডেস্ক : স্যান্ডপেপারগেট বল টেম্পারিং কেলেঙ্কারির পর কেটে গেছে বেশ কয়েক বছর। তবে ২০১৮ সালে ঘটা সেই ঘটনা এখনও ভুলতে পারছেন না স্টিভেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও একটি টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। তার আগে উঠে আসলো স্যান্ডপেপারগেট- এর সেই কালো অধ্যায়। সংবাদ মাধ্যমে স্মিথ জানান, সেই ঘটনার ট্রমা এখনো কাটেনি তার। ক্যামেরার ক্লিকের শব্দ এখনও আতঙ্কিত করে তোলে তাকে। ---- ডেইলি ক্রিকেট
স্মিথ বলেন, আমি খুব একটা ক্যামেরা পছন্দ করি না। সত্য বলতে, ক্যামেরার সামনে গেলে আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ি। ঘটনাটি আমার জীবনের একটি অত্যন্ত মর্মান্তিক অভিজ্ঞতা ছিল। এখনও যখন কোনো ক্যামেরার ফ্ল্যাশের শব্দ শুনি, সেটা আমাকে কোনো না কোনোভাবে আবার সেই কঠিন স্মৃতিতেই ফিরিয়ে নিয়ে যায়।
সেই সময়টা কতটা অসহনীয় ও সুরক্ষাহীন ছিলেন সেটিও তুলে ধরেছেন স্মিথ। জোহানেসবার্গে বিমানবন্দরে এবং দেশে ফেরার পর সাংবাদিকরা যেভাবে তাকে ঘিরে ধরেছিল তা এখনও ভুলতে পারছেন তিনি।
স্মিথ বলেন, ‘জেমস সাদারল্যান্ড আমাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানানোর পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময়টা ছিল কঠিন। জোহানেসবার্গ বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় চারপাশ থেকে যেভাবে ঘিরে ধরা হয়েছিল, আর দেশে ফিরে এসে সংবাদ সম্মেলন করা... এর কিছু কিছু ঝলক এখনও আমার মনে ভেসে ওঠে।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছিল জোহানেসবার্গ বিমানবন্দরে আমাকে যেন নেকড়েদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। সেখানে আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না।
স্যান্ডপেপারগেট- ঘটনার পর স্মিথ ও ওয়ার্নারকে ১ বছর এবং ক্যামেরন বেনক্রফটকে ৯ মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ ফিরেছেন, এবং জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন।