স্পোর্টস ডেস্ক : হাইকোর্টের দ্বারস্থ মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার লাহোর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন। গত সপ্তাহে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাঁকে যে সমন পাঠিয়েছিল, সেই সমনকেই চ্যালেঞ্জ করেছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ০-৩ এ টেস্ট সিরিজ হারের পরিপ্রেক্ষিতে রিজওয়ান এবং ইমাম উল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তলব করেছিল। বৃহস্পতিবার দু'জনেই লাহোরে সংস্থার দফতরে হাজির হন। এরপর তাঁদের একাধিক পৃষ্ঠার প্রশ্নপত্র দেওয়া হয়। যার উত্তর লিখে ফেরত দেওয়ার কথা ছিল।
জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বরের সময়সীমার আগে ইমাম এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তাঁর জবাব জমা দিয়েছেন। অন্যদিকে, তদন্তের প্রকৃতি এবং রিজওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার ক্ষেত্রে সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রিজওয়ান। সোমবার দায়ের করা রিট পিটিশনে রিজওয়ান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগের কথা জানানো হয়নি। পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার ক্ষেত্রে সংস্থার আইনি এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সাইবার ইনভেস্টিগেশন এজেন্সির প্রশ্নপত্রে ক্রিকেটারদের ভ্রমণ এবং আর্থিক ইতিহাসের পাশাপাশি ব্যক্তিগত এবং কেরিয়ার সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই তদন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের পৃথক অভ্যন্তরীণ তদন্তের সঙ্গে যুক্ত কি না, সেটা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে পিসিবি জানিয়েছিল, ক্রিকেটারদের শৃঙ্খলা এবং আচরণ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ শৃঙ্খলাজনিত তদন্ত শুরু করেছে। বোর্ড দাবি করে, তদন্ত পিসিবির নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে।
লর্ডসে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে পাকিস্তান ১৯৪ রানে হারের পর দল থেকে বাদ পড়ে অনেকেই। দেশে ফেরত পাঠানো সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন রিজওয়ান এবং ইমাম। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান ইনিংস এবং ১০৩ রানে হেরেছিল।
এরপর পাকিস্তান দলে বড়সড় পরিবর্তন আনে পিসিবি। হেড কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকেও সরিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় পাঁচজন আনক্যাপড ক্রিকেটার সহ মোট সাতজন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠানো হয়। এরপর এজবাস্টনে তৃতীয় টেস্টেও আট উইকেটে হেরে যায় পাকিস্তান।
নতুন ক্রিকেটারদের মধ্যে অভিষেক ম্যাচে রাজাউল্লাহ চারটি উইকেট নেওয়ার পাশাপাশি ৮১ রানের ইনিংস খেলে নজর কাড়েন। ইংল্যান্ড সফরে রিজওয়ানের ব্যাটিং পরিসংখ্যান ছিল ১২, ৪১, ৭ এবং ১ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের দুই টেস্টের সিরিজেও রান পাননি তিনি। তবে উইকেটকিপার হিসেবে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়।