]স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক নাসের হুসেইন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দিকে আঙুল তুলেছেন তিনি।
নাসের হুসেইন তার মন্তব্যের কারণ ব্যাখ্যা করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেয় পিসিবি। নতুন করে সাত ক্রিকেটারকে ডেকে আনে তারা। তাতেও খুব একটা কাজের কাজ হয়নি। এজবাস্টন টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা জেগেছে বাবর আজমের দলের। --- ডেইলি ক্রিকেট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছিলেন সাইম আইয়ুব। সেখানে তিন ম্যাচের মধ্যে একটিতে সেঞ্চুরিও পেয়েছিলেন তরুণ এই ক্রিকেটার। কিন্তু তাকে টেস্ট দলে ডাকে পিসিবি। আর লাল বলের ক্রিকেটে ফিরেই এজবাস্টন টেস্টের দুই ইনিংসেই সাইম মেরেছেন ডাক।
প্রথম ইনিংসে ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে তারা। প্রথম দুই টেস্টের চার ইনিংসের একটিতেও দুইশো রান করতে পারেনি পাকিস্তান। তাই এজবাস্টন টেস্টেও পাকিস্তানের বড় হার দেখছেন অনেকেই।
এমন পরিস্থিতিতে নাসের হুসেইন দায় দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। বিশেষ করে সাইম আইয়ুবকে দেখলে মনে হয়, অনেকক্ষণ ফিল্ডিংয়ে থাকার পর হঠাৎ ব্যাটিং করতে গিয়ে পুরোপুরি মনোযোগী না থাকার একটা ক্ল্যাসিক উদাহরণ।
নাসের হুসেইন আরও বলেন, ‘আসল কথা হলো, ওর এখানে থাকাই উচিত ছিল না। সে গত ১১ মাসে প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি; ১০ দিন আগেও সিপিএল খেলছিল। জানি না, কে মনে করেছে যে বিদেশের কন্ডিশন থেকে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন এক সংস্করণে খেলার পর এই কন্ডিশনে ডিউক বলের বিপক্ষে সে ভালো করতে পারবে। এটা আসলে টেস্ট ক্রিকেটের প্রতি একধরনের অসম্মান এবং অবহেলা।