স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগের (বিবিএল) বেসরকারিকরণের ঘোষণা হওয়ার পর থেকেই সে দেশের ক্রিকেটে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন দিক থেকে বিরোধিতা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটার অ্যাডাম জ়াম্পাও বিরোধিতা করেছেন। তাঁর দাবি, বিদেশিরা বিবিএলে খেলে যথেষ্ট অর্থ রোজগার করেন।
বিবিএলের বিভিন্ন দলের মালিকানা রয়েছে সংশ্লিষ্ট স্টেটগুলির হাতেই। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কিছু দলকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে। অর্থাৎ ব্যক্তিগত মালিকানা থাকবে দলগুলির। প্রতিটি দল নিজেরাই ঠিক করতে পারবে তারা ব্যক্তিগত মালিকানার পথে হাঁটবে কি না। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এতে দেশের ক্রিকেটের আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে এবং তৃণমূল স্তরের উন্নতি ধাক্কা খাবে। --- আনন্দবাজার
নিউ সাউথ ওয়েলস ক্রিকেট জানিয়েছে, এই সিদ্ধান্তে দেশের ক্রিকেটের কাঠামোই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কারণ বেসরকারিকরণ হল মালিকেরা অস্ট্রেলিয়া তৃণমূল স্তরের ক্রিকেটে বিনিয়োগের আগ্রহ দেখাবেন না। ফলে স্টেটগুলির হাতে অর্থও থাকবে না। উঠতি ক্রিকেটার আসা বন্ধ হয়ে যাবে। এই লিগ থেকে আসা অর্থ তারা যে ভাবে অন্যত্র বিনিয়োগ করেন তা বন্ধ হয়ে গেলে ঘরোয়া ক্রিকেটে ভেঙে যাবে। তাদের দাবি, সব পক্ষের মতামত শোনার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিএলে মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্ট হারিকেন্সে সই করেছেন জ়াম্পা। তিনি বলেন, নেপথ্যে অনেক কাণ্ড চলছে সেটা জানি। তবে বিদেশি ক্রিকেটারেরা বিবিএল খেলে ভালই অর্থ রোজগার করে। স্থানীয় ক্রিকেটারেরাও বড় অর্থের তালিকায় নাম লেখাতে চায়।