স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে যেন সংকট কাটছেই না। মাঠের ব্যর্থতার সঙ্গে যোগ হয়েছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, আর তাতে আরও ঘনীভূত হচ্ছে অস্থিরতা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে বড় হারের পর সাত ক্রিকেটারকে দেশে ফেরানো, কোচিং স্টাফে পরিবর্তন, ক্রিকেটারদের মুঠোফোন জব্দ করা সহ নানা বিষয়ে সমালোচনার কেন্দ্রে এখন পাকিস্তান ক্রিকেটের নীতিনির্ধারকরাও। এমন পরিস্থিতিতে হাই পারফরম্যান্স পরিচালক ও নির্বাচক আকিব জাভেদের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক আজহার আলী।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিব জাভেদের বারবার সিদ্ধান্ত ব্যর্থ হওয়ার পর দায় এড়িয়ে যাওয়ার প্রবণতার সমালোচনা করেছেন আজহার। পাকিস্তানকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ দিতে গিয়ে বাংলাদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘কেন পাকিস্তানে ফাস্ট বোলার উঠে আসছে না, সেই প্রশ্ন করতে হবে। বাংলাদেশকে দেখুন, তারা ঘরের মাঠে স্পিন নির্ভর হয়ে সন্তুষ্ট থাকেনি। একদল অসাধারণ ফাস্ট বোলার তৈরি করেছে, যারা অস্ট্রেলিয়ায় টেস্ট জিতিয়েছে।
সাক্ষাৎকারে আজহার অভিযোগ করেন, দলের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন আকিব। অথচ কয়েক মাস আগেই বাবর আজম ও সরফরাজ আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে তারও ভূমিকা ছিল।
তিনি বলেন, গত তিন বছর ধরে আমরা এমন অনেক ভুল সিদ্ধান্ত দেখে আসছি। দলের পারফরম্যান্সের দায় তাকে নিতে হবে এবং তার বিচারবুদ্ধি নিয়েও প্রশ্ন তোলা উচিত। আমি এই সপ্তাহে তার সাক্ষাৎকার শুনেছি। সেখানে তিনি সরফরাজ ও বাবরের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন, অথচ কয়েক মাস আগেই তিনিই তাদের নিয়োগ দিয়েছিলেন।’
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে ১৯৪ রানে হারের পর সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। এরপরই দলের সাত ক্রিকেটারকে বাদ দেওয়া এবং সরফরাজকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।
আকিবকে উদ্দেশ করে আজহার আরও বলেন, ‘তার প্রতিটি সিদ্ধান্তই ব্যর্থ হচ্ছে, অথচ পরে তিনি বলছেন, “এটা আমার সিদ্ধান্ত নয়। আগে নিজের দিকে তাকাতে হবে। আর আপনি যদি এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, পাকিস্তান ক্রিকেটে কোনো পরিবর্তন আনতে না পারেন, তাহলে সরে দাঁড়ান।