স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে লজ্জার হারের পরও ফতিমা সানার দলের পাশে ওয়াহাব রিয়াজ। তাঁর মতে, পাকিস্তানের মহিলা ক্রিকেট দলই এশিয়ার সেরা। হরমনপ্রীত কৌরদের কাছে ৫৫ রানে অলআউট হওয়ার পরও রিয়াজ মনে করছেন, এশিয়া কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি পাকিস্তানেরই।
পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের মেন্টর রিয়াজ। ভারতের কাছে গ্রুপের ম্যাচে হারের পর তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের দলের খেলোয়াড়েরা প্রত্যেকে অত্যন্ত দক্ষ। ওদের শুধু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।
হংকংয়ের বিরুদ্ধে আমাদের পরের ম্যাচ। ভারতের বিরুদ্ধে আমাদের ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে। যাতে পরের ম্যাচে সেগুলো আর না হয়। একই ভুল বার বার করতে চাই না আমরা। আমি এখনও বিশ্বাস করি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল পাকিস্তান। কারণ পরিস্থিতি এখন আমাদের পক্ষে রয়েছে।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির ভারতের বিরুদ্ধে বিপর্যয়ের জন্য কর্তাদের দুষেছেন। তাঁর বক্তব্য দলে ব্যাপক রদবদল পারফরম্যান্সে প্রভাব ফেলছে। তিনি বলেছেন, গত বিশ্বকাপের পর একসঙ্গে সাত জন ক্রিকেটারকে বাদ দেওয়া ঠিক হয়নি। তাঁর সমালোচনারও জবাব দিয়েছেন রিয়াজ।
ফতিমাদের মেন্টর বলেছেন, মিরের নিজস্ব মতামত থাকতেই পারে। তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে প্রয়োজনীয় পরিবর্তন করেছি। আগে যারা ছিল, তারা অনেক বিশ্বকাপ এবং এশিয়া কাপ খেলেছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে।
আগামী দিনের প্রতিযোগিতাগুলোর জন্য নতুনদের সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। তিনি আরও বলেছেন, ‘‘আগে কারা পাকিস্তানের হয়ে খেলত, সেটা গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে। আমাদের বাস্তব মেনে চলতে হবে। যারা বাদ গিয়েছে, তাদের পারফরম্যান্স ভাল ছিল না। নতুনদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে ভুল নেই।
শনিবার প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলি (১৩) এবং শাওয়াল জ়ুলফিকার (১৪) ছাড়া কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটাই পাকিস্তানের সবচেয়ে কম রান। জবাবে ৮.৪ ওভারে ৩ উইকেটে ৫৭ রান তুলে ম্যাচ জিতে নিয়েছেন হরমনপ্রীতেরা।