ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক সুতোয় গাঁথার এই অবিশ্বাস্য উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।
আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, লিও মেসি, ক্রিস্টিয়ানো... আমরা ওদের নিয়ে আসব। আমি নিজেই ওদের আনতে যাব। ওরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা দলে খেলার সুবাদে রোনালদো ও মেসি—দুজনের সাথেই সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন তেভেজ। এই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের বিদায়ি ম্যাচে ফুটবল ইতিহাসের দুই সেরা তারকাকে একই দলের জার্সিতে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের সম্মতিও রয়েছে বলে জানা গেছে।
তাতে আগামী ১২-১৩ অথবা ১৯ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।
পরিকল্পনাটি শুধু মেসি আর রোনালদোতেই সীমাবদ্ধ নয়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস এবং ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা তেভেজ তার ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা তারকাকে এই ম্যাচে জড়ো করতে চান।
তার পরিকল্পিত তালিকায় রয়েছেন, গোলরক্ষক; এডউইন ভ্যান ডার সার, জিয়ানলুইজি বুফন, ডিফেন্ডার; রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিরিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, পাট্রিক ভিয়েরা।
মিডফিল্ডার : আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস, হুয়ান রোমান রিকুয়েলমে।
ফরোয়ার্ড : ওয়েন রুনি, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো।
যদিও এখনো খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক চূড়ান্ত সম্মতি আসেনি, তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটিতে তেভেজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তার সাবেক তারকা সতীর্থদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এর মাধ্যমেই ফুটবল বিশ্ব প্রথমবারের মতো মেসিকে রোনালদোর জন্য গোল তৈরি করতে দেখার সুযোগ পেতে পারে।