স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের আসর শুরু হতে যাচ্ছে জাপানে। চলতি মাসের ২৮ তারিখ ক্রিকেট ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। তার আগে জাপান ক্রিকেট দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রেয়াস আইয়ারের দল। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
এর আগে কখনোই জাপানের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি ভারত। তাই এটিই হতে যাচ্ছে জাপানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ। এশিয়ান গেমসে মাঠে নামার আগে ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে দেখছে বিসিসিআই।
গত আসরে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে ভারত। তাই এবারের আসরে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে তারা। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই মাঠে নামবে স্বাগতিক জাপান।
জাপানের বিপক্ষে ভারতের ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক। বিশেষ করে শ্রেয়াস আইয়ারের দলের বিপক্ষে খেলা জাপানের ক্রিকেটারদের কাছে অনেক বড় কিছু। উদীয়মান শক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করতে ভারতের ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে তারা।
ম্যাচটি নিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘এমন একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ভারতের এই সফর নতুন অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার এবং জাপানি দর্শকদের সামনে খেলাটি পরিচিত করার চমৎকার সুযোগ।
ভারতের বিপক্ষে খেলতে পেরে উচ্ছ্বসিত জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগতিক হিসেবে জাপানে স্বাগত জানানো আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক ঘটনা।