স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিভাবান কিশোর ব্যাটার যাতে দু’-এক বছর ভাল খেলে হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে উদ্যোগী বোর্ড কর্তারা। মুম্বইয়ে বিসিসিআইয়ের পর্যালোচনা বৈঠকে বৈভবকে নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে।
মুম্বইয়ের বৈঠকে ছিলেন বোর্ড সচির দেবজিৎ শইকীয়া, ভারতীয় দলের দুই অধিনায়ক শুভমন গিল এবং শ্রেয়স আয়ার, কোচ গৌতম গম্ভীর এবং সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণ। বৈভব যাতে শচিন টেন্ডুলকরের মতো দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে, তা নিশ্চিত করার চেষ্টা করবে বোর্ড।
বোর্ড চায় না, ১৩ বছর বয়সে আইপিএল খেলার পর উল্কার গতিতে উঠে আসা কিশোর প্রতিভা দ্রুত হারিয়ে যাক। শইকীয়া বলেছেন, ‘আমরা চাই বৈভব সূর্যবংশী বা ওর মতো প্রতিভাবান ক্রিকেটারেরা শচিন তেন্ডুলকরের মতো দীর্ঘ দিন দেশের হয়ে খেলুক। অতীতে যে ক্রিকেটারেরা কিংবদন্তির পর্যায়ে পৌঁছেছেন, ওরাও সেই স্তরে পৌঁছোক। ১৫ বছর বয়সে বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে ছাপ ফেলতে শুরু করেছে।
ওকে নিয়ে আমরা গর্বিত। পাশাপাশি আমরা বৈভবকে নিয়ে অত্যন্ত সতর্ক। সব দিক থেকে ওর উপর নজর রাখা হচ্ছে। ওর প্রতিটি পদক্ষেপের দিকে খেয়াল রাখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে যাতে এগিয়ে যেতে পারে, সে জন্য সব রকম ভাবে ওকে সাহায্য করা হবে।
পূর্বাঞ্চল দলীপ ট্রফির ফাইনালে উঠেছে। বৈভব পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক। আবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় এবং এশিয়ান গেমসের দলেও রয়েছে। এই পরিস্থিতিতে বিহারের ব্যাটারের ধকল নিয়েও ভাবছেন কর্তারা। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের কোচকে। বৈভব দলীপ ফাইনাল খেলবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গম্ভীর।