স্পোর্টস ডেস্ক : আবার বিতর্ক বাংলাদেশ ক্রিকেটে। এবার দুর্নীতির অভিযোগ উঠেছে বোর্ডের প্রাক্তন ডিরেক্টর মুহম্মদ মুখলেসুর রহমান ওরফে শামিমের বিরুদ্ধে। বোর্ডের আরও দুই কর্তা জ়াকির হোসেন ও রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। তিন কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড।-- আনন্দবাজার
ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি-র দুর্নীতিদমন নীতি অনুযায়ী তিন কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ম্যাচ গড়াপেটা, খেলায় প্রভাব খাটানো, আর্থিক দুর্নীতি-সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ করা হয়েছে শামিমদের বিরুদ্ধে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টেগ্রিটি ইউনিট’-এর তদন্তের পরেই এই অভিযোগগুলি সামনে এসেছে। জানা গিয়েছে, তদন্তের সময় যথাযথ তথ্যপ্রমাণ দিতে পারেননি শামিমেরা। এমনকি, তাঁরা তদন্তে অসহযোগিতা করেছেন বলেও অভিযোগ।
তিন কর্তাকে নিলম্বিত করা হয়েছে। তাঁদের নোটিস পাঠানো হয়েছে। ১৪ দিনের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে। এর আগে আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সেই তালিকায় জুড়ল আরও তিন নাম। তবে এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি।