স্পোর্টস ডেস্ক : এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আবারও নিজেদের প্রমাণ করতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ রাতেই পর্দা উঠছে নারী এশিয়া কাপের ৬ষ্ঠ আসরের। সংযুক্ত আরব আমিরাতে বসা টি-টোয়েন্টির এই আসরে অংশ নিচ্ছে আট দল। তবে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিদের চোখ এবার সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনালে ওঠার দিকে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় থাইল্যান্ড ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে জ্যোতির দল। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তিনি বলেন, 'প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটো প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল। গত কয়েক আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান জ্যোতি।
তাঁর ভাষায়, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের সেমিফাইনাল। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।