স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি। এবার সেখান থেকে বের হয়ে আবারো এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ নারী দল। সেই লক্ষ্য নিয়ে আগামী ২৬ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে নিগার সুলতানা জ্যোতির দল।
২০২৪ সালে নারী এশিয়া কাপের সর্বশেষ আসরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের নারীরা। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যেতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জ্যোতি বলেন, ‘শেষবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের সঙ্গে পড়েছিলাম। সেমিফাইনালের বাধা পার হতে পারিনি। এবার আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনালে খেলতে পারলে তখন শিরোপা জয়ের বিষয়টি সামনে আসবে। আমরা ধাপে ধাপে পরিকল্পনা করছি।
দলের প্রস্তুতি নিয়েও বেশ সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক। তিনি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। এবার আমরা অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছি। শ্রীলঙ্কায় দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি, আমরা খুব ভালো অবস্থায় আছি। এবার আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। বারবার সেমিফাইনাল খেলি, বাদ পড়ে ফিরে আসি। এবার আমরা এই বাধাটা ভাঙতে চাই।’
আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসর। সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিররা।
এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর হবে দুই সেমিফাইনাল, আর ১৩ সেপ্টেম্বর ফাইনাল।