স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাভিন-উল-হক। তাঁকে দলে রেখে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। একই সাথে ইব্রাহীম জাদরানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর এতদিন পুনর্বাসনে ছিলেন নাভিন। চোটের কারণে গত বছরের এশিয়া কাপ ও এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি তাঁর। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার ঘরোয়া ক্রিকেটে ফিরে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া নাভিন এখন মনোযোগ দিচ্ছেন শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে। ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে দীর্ঘ ২১ মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে তার।
এছাড়া, অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবও ফিরেছেন স্কোয়াডে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে তাঁর কার্যকারিতা আফগানিস্তানের মাঝের সারিকে বাড়তি ভারসাম্য দেবে। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স করা নবাগত উইকেটকিপার নূর রহমান পেয়েছেন স্কোয়াডে জায়গা।
স্পিন আক্রমণে রশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমাদ, নাঙ্গিয়াল খারোতি ও মুজিব উর রহমানের ওপর ভরসা রেখেছে আফগানিস্তান। পেস বোলিং ইউনিটে নাভিনের সঙ্গে থাকছেন ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই। স্কোয়াডের বাইরেও ইজাজ আহমাদজাই, শাহিদুল্লাহ কামাল ও ফারিদ আহমাদ মালিককে রিজার্ভে রেখেছে আফগানিস্তান।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।