স্পোর্টস ডেস্ক: তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে শুরুটা হয়েছে দারুণ। শেষটা আবার মলিন। তবে ডারউইনে ইতিহাস গড়া জয়েই হল আরেক ইতিহাস। ম্যাকাইতে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারের পরও টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে গেলো বাংলাদেশ। যা নিজেদের টেস্ট ইতিহাসে সেরা র্যাঙ্কিং।
রোববার (২৩ আগস্ট) আইসিসির হালনাগাদ হওয়া টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৩ ধাপ এগিয়ে ৯ থেকে উঠে এলো ৬ নম্বরে।
২০০০ সালে টেস্ট ক্রিকেটে যাত্রা করে বাংলাদেশ। এরপর ২৬ বছরে এতো উঁচু অবস্থানে যেতে পারেনি কখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর ম্যাকাইতে হারলো মাত্র ২ দিনেরও কম সময়ে। সিরিজ শেষ হল ১-১ সমতায়।
তবে এরপরও মিলেছে দারুণ খুশির সংবাদ। র্যাঙ্কিংয়ে ৬ ওঠার পথে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮। যেখানে ৭ নম্বর দল শ্রীলঙ্কার ৭৬, ৮ নম্বর দল পাকিস্তানের ৭৫ ও ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের ৭৪ রেটিং পয়েন্ট। আর ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ১৭।