স্পোর্টস ডেস্ক : ভারতের হয়ে ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। কিন্তু লাল বলের ক্রিকেট খেলার থেকে এখনও সে বেশ কিছুটা দূরে। রাহুল দ্রাবিড় মনে করেন, বৈভবের মতো ক্রিকেটারের দ্রুত টেস্ট ক্রিকেট খেলা দরকার। এতে টেস্ট ফরম্যাটের উন্নতি হবে বলে মনে করেন দ্রাবিড়।
লন্ডনে ইটিপিএল-এর একটি অনুষ্ঠানে ‘ক্রিকইনফো’কে দ্রাবিড় বলেছেন, আমার মনে হয় সব সময়েই একটা ভারসাম্য খোঁজা দরকার। বৈভব যে আইপিএলের মাধ্যমে সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে এটা খুবই ভাল দিক। তার পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটে লাল বলের স্বাদও পাচ্ছে। এতে ওর লাল বলের ক্রিকেটজীবন এগিয়ে যাবে।
দ্রাবিড় আরও বলেন, আমরা সকলেই চাই টেস্ট ক্রিকেট বেঁচে থাকুক, টেস্ট ক্রিকেটের উন্নতি হোক। তাই বৈভবের মতো ক্রিকেটার যাতে সব ফরম্যাটের ক্রিকেট খেলতে পারে সেটা দেখা দরকার।
রোববার থেকে বৈভব লাল বলের ক্রিকেট খেলতে নামবে। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক সে। রাজস্থান রয়্যালসে বৈভবকে কোচিং করানো দ্রাবিড় মনে করেন, যত বেশি লাল বলের ক্রিকেট খেলবে তত নিজেকে উন্নতি করতে পারবে বৈভব।
দ্রাবিড়ের কথায়, সবচেয়ে ভাল ব্যাপার হল, বৈভবের হাতে সময় রয়েছে। ওর কিছুটা অভিজ্ঞতা দরকার। আশা করি ভবিষ্যতে লাল বলের ক্রিকেট খেলার অনেক সুযোগ পাবে। কারণ সাদা বলের মতো লাল বলের ক্রিকেট অত বেশি খেলেনি। ওর বয়স মাত্র ১৫। তাই ওকে সময় দেওয়া দরকার এবং ধৈর্য রাখা দরকার। হঠাৎ করে সাফল্য পেয়ে গিয়েছে ঠিকই। কিন্তু বাকিদের মতো ওর জীবনেও উত্থান-পতন থাকবে। তাই ধৈর্য বজায় রাখতে হবে।
দলীপ ট্রফিতে দু’টি ম্যাচ খেলার সুযোগ পাবে বৈভব। পূর্বাঞ্চল ফাইনালে উঠলে আরও একটি ম্যাচ খেলতে পারবে। এর পর সেপ্টেম্বর অস্ট্রেলিয়া এ' দলের বিরুদ্ধে ভারত এ-র হয়ে আরও দু’টি টেস্ট খেলতে পারবে। দ্রাবিড় বলেছেন, আমার ধারণা লাল বলেও ও সাফল্য পাবে। তবে এমন সময়ও যেতে পারে যখন কিছুই ওর পক্ষে থাকবে না। তাই এটা মনে রাখতে হবে যে, ওর বয়স ১৫ এবং অনেক দূর যাওয়া বাকি। গোটা বিশ্বে টি-টোয়েন্টি প্রতিযোগিতা না খেলে ও লাল বলের ক্রিকেটে মন দিয়েছে। আগের চেয়েও দক্ষতায় শান দেওয়ার চেষ্টা করছে। আশা করি ভাল খেলবে।