স্পোর্টস ডেস্ক : দারুণ বোলিংয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল বাংলাদেশ এইচপি দল। নেপাল ‘এ’ দলকে মাত্র ৯৯ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে ঝড় তুললেন জিসান আলম। দারুণ বোলিং-ব্যাটিংয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রত্যাশিত জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।
ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৯ রান তোলে নেপাল। জবাবে ৫৮ বল হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। দুই ওভারেই কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩২ রান। পরের ওভারে আউট হয়ে ফিরে যান হাবিবুর রহমান সোহান। -- টি স্পোর্টস
তৃতীয় উইকেটে নামা আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার জিসান আলম। তার ২৯ বলের হাফ সেঞ্চুরিতে সহজেই লক্ষ্যে পোঁছে যায় বাংলাদেশ। ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জিসান। ২৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন আরিফুল। এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক ইরফান শুক্কুর। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে নেপাল। ১৩ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা।
নেপালি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ইনিংস ধরে খেলেন কুশল ভুর্তেল। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন সাহাব আলম। ১১ রানে অপরাজিত ছিলন বিপিন খত্রী।বাংলাদেশের হয়ে চার ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন অফস্পিনার মোহাম্মদ রুবেল। একটি করে উইকেট নেন সামিউন বাসীর, রিপন মণ্ডল ও রোহান উদ দৌলা।
এ নিয়ে তৃতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টিতে খেলছে বাংলাদেশ। আগের দুই সংস্করণে একবার ফাইনাল খেলেছিল তারা। তবে অভিষেক সংস্করণে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে একই স্টেডিয়ামে কাল মাঠে নামবে বাংলাদেশ।