স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাসের দরজা খুলে আছে বাংলাদেশের সামনে। এখন শুধু সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পেলে সেই দরজা দিয়ে প্রবেশ করবে টাইগাররা। ডারউইনে প্রথম টেস্টে নয় উইকেটের জয়ের পর তাই এবার নতুন স্বপ্ন নিয়ে আগামীকাল মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে কখনো হোয়াইটওয়াশ না হওয়া অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে হেরে দাঁড়িয়ে আছে ধবল ধোলাইয়ের দোড়গড়ায়।
প্রথম টেস্টের অনেক কিছুই টেস্টের আগে বাংলাদেশকে অনুপ্রেরণা দেবে ম্যাকাইয়ে। ডারউইনে বাংলাদেশ শুধু জয়ই পায়নি, চারদিন ধরে চলা ম্যাচটির পূর্ণ নিয়ন্ত্রণও ধরে রেখেছিল নিজেদের হাতেই। বল হাতে দুর্দান্ত লাইন-লেন্থ, ধারাবাহিকতা ও উইকেট নেওয়ার আগ্রাসী মনোভাব দেখানোর পর ব্যাট হাতেও টাইগাররা দিয়েছে ধৈর্যের পরিচয়। এজন্যই হয়তো এর আগে অন্তত তিনটি টেস্ট দলের দায়িত্ব পালন করা কোচ ফিল সিমন্সের কাছে এই ম্যাচটিই নিজের কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয়। --- ডেইলি ক্রিকেট
প্রথম টেস্টে টাইগারদের অর্জনও কম নয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তানজীদ হাসান তামিম। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে প্রথম অর্ধশতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। পিছিয়ে ছিলেন না মেহেদী মিরাজও। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অর্ধশতক হাকানোর পাশাপাশি ফাইফার তুলে নেন এই টাইগার অলরাউন্ডার।
হাসান মাহমুদের কীর্তিও কম ছিল না। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বারবার বিপাকে ফেলেছেন।
সেই সঙ্গে, টেস্ট ক্যারিয়ারের প্রথম দুই ক্যালেন্ডার বছরেই অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের মাটিতে পাঁচ উইকেট নেওয়া বোলারদের বিরল তালিকায় জায়গাও করে নিয়েছেন হাসান। ওয়েসলি হল ও অ্যান্ডি রবার্টসের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
তবে এই এক ম্যাচের জয় নিয়েই থামতে চাইবে না বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে টাইগার। এবার দ্বিতীয় টেস্ট জিতলেই ডব্লিউটিসির পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে আসতে পারে টাইগাররা। তাই ডারউইনের মতো ম্যাকাইতেও বল হাতে একই রকম আগ্রাসন এবং ব্যাট হাতে ধৈর্যের প্রমাণ দিতে হবে শান্তদের।
এদিকে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়েছেন জ্যাক ওয়েদারাল্ড। তার বদলে প্রায় তিন বছর পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন ম্যাট রেনশ।
হারলেও অস্ট্রেলিয়ার জন্য অবশ্য কিছু ইতিবাচক দিকও আছে দ্বিতীয় টেস্টের জন্য। প্রথম টেস্টে জশ হ্যাজলউড নিয়েছিলেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিও স্বাগতিকদের আত্মবিশ্বাস ফেরানোর কারণ হতে পারে। তবে সর্বশেষ অ্যাশেজে ৬০০-এর বেশি রান করা ট্রাভিস হেড ডারউইন টেস্টে দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। ফলে, আগামীকাল সবার ওপরে আলোচনায় থাকবে ট্রাভিস হেডের ব্যাটিং।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটও থাকতে পারে আলোচনায়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এই ভেন্যুতেই অস্ট্রেলিয়া ৪৩১ রান করেছিল মাত্র দুই উইকেট হারিয়ে। তবে, অস্ত্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে ভেন্যুটিতে। এর আগে প্রথম শ্রেণির ম্যাচও হয়েছে মাত্র পাঁচটি।
একদিকে ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে প্রথম টেস্টের হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর তীব্র চেষ্টা, তাই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট দুই দলের জন্যই হয়ে উঠেছে বাড়তি গুরুত্বের। শেষ পর্যন্ত কি ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে পারবে বাংলাদেশ, নাকি ঘুরে দাঁড়িয়ে লজ্জা এড়াতে সক্ষম হবে অস্ট্রেলিয়া, তাই এখন দেখার অপেক্ষা।