স্পোর্টস ডেস্ক : সিরিজ় ড্র করতে হলে দ্বিতীয় টেস্ট জিততেই হবে। নইলে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারের লজ্জা বয়ে বেড়াতে হবে অস্ট্রেলিয়াকে। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পর প্যাট কামিন্সদের মাথাব্যথা বেড়েছে। ফলে স্বভাবতই দ্বিতীয় টেস্টের আগে দলে বদলে হয়েছে। জায়গা গিয়েছে ওপেনারের। বদলে দলে নেওয়া হয়েছে তিন বছর আগে শেষ টেস্ট খেলা ব্যাটারকে।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে জেক ওয়েদারাল্ডকে। প্রথম টেস্টে রান পাননি তিনি। প্রথম ইনিংসে ২৩ ও দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ১২ ইনিংসে ২০.৩৬ গড়ে রান করেছেন এই ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে অস্ট্রেলিয়ার ৪-১ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ওয়েদারাল্ড। ওপেনিংয়ে ট্রেভিস হেডের সঙ্গে কয়েকটি ভাল জুটি গড়েছিলেন তিনি। তাই বাংলাদেশ সিরিজের দলেও তিনি ছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হল তাঁকে।
বদলে ৩০ বছরের ম্যাট রেনশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার টেস্টে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলে অভিষেক হলেও ১০ বছরে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন তিনি। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৩ ম্যাচের অভিজ্ঞতা থাকায় তাঁর উপর ভরসা করছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হাতে আরও একটি বিকল্প রয়েছে। দলে রয়েছেন জশ ইংলিস। তিনি সাধারণত মিডল অর্ডার ব্যাটার হলেও হেডের সঙ্গে তাঁকে ওপেন করতে পাঠাতে পারে অস্ট্রেলিয়া। তাতে প্রতিপক্ষের পরিকল্পনা নষ্ট হতে পারে। যে ভাবেই হোক, দ্বিতীয় টেস্টে জয় চাইছে অস্ট্রেলিয়া। সেই কারণেই ফাঁক ভরাটের চেষ্টা করছে তারা।