স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এসিসি উইমেন্স এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় বসতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই চূড়ান্ত দল নিশ্চিত করে বিসিবি। আসন্ন এই দুই টুর্নামেন্টের জন্যই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং স্পিনার নাহিদা আক্তারকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও স্পিন বান্ধব উইকেটের কথা মাথায় রেখে স্কোয়াডে স্পিন আক্রমণের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে। নাহিদা আক্তারের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। ব্যাটিং বিভাগে জ্যোতির সঙ্গে শক্তি বাড়াবেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা ও সোবহানা মোস্তারি। অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ঋতু মনি ও তরুণী অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
অন্যদিকে পেস বোলিং ডিপার্টমেন্টে প্রতিপক্ষের ব্যাটারদের গতি আর সুইংয়ে পরাস্ত করতে থাকছেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। এশিয়া কাপ শুরু হবে ২৮ আগস্ট, পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর। শ্রেষ্ঠত্ব এই লড়াইয়ের পর বাংলাদেশ নারী দল সরাসরি জাপানে ২০তম এশিয়ান গেমসে অংশ নিতে উড়াল দেবে।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।