স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পেল ঐতিহাসিক জয়। সেই উচ্ছ্বসিত আবহের মাঝেই মালয়েশিয়া ক্রিকেট দলকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ওয়ানডের সিরিজে শেষটিতে ২৩৭ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। এই হারের সঙ্গে ধবধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতাও হলো মালয়েশিয়ানদের।
আদিল বিন সিদ্দিকের অসাধারণ সেঞ্চুরিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৬৯ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ। রাফিউজ্জামান রাফি-শেখ পারভেজ জীবনের ঘূর্ণি জাদুতে বোলিংয়ের পর ব্যাটিংয়েও চরম ব্যর্থ হয় মালয়েশিয়া। ৩৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩২ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ব্যাটিংয়ে ইনিংসের প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। সেই ধস আর সামাল দিতে পারেননি অতিথিরা। ওপেনার উল্লাহ মালিককে প্রথম বলে ফিরিয়ে ধসের শুরুটা করেন বাংলাদেশের পেসার রাহিন আহমেদ।
সাত ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান, তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারননি কেউ। সর্বোচ্চ ২০ রান এসেছে অধিনায়ক সায়েদ আজিজের ব্যাট থেকে। দুর্দান্ত ঘূর্ণিতে রাফি ও জীবন তিনটি করে এবং রাহিন নিয়েছেন দুটি উইকেট।
তার আগে টস জিতে আদিল বিন সিদ্দিকের ১১১ বলে ১৩৫ রানের ইনিংসে বড় স্কোর গড়ে বাংলাদেশ। তার ওপেনিং জুটিতে জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় ঝোড়ো শুরু করেন। ৮.৩ ওভারে তোলেন ৮২ রান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জাওয়াদ ৩২ বলে করেন ঝোড়ো ৫৩ রান। ইনিংসে ছিল ৫টি করে ছক্কা ও চার। খালিদ হাসানের ব্যাট থেকে আসে ৭৩ রান।