স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বপ্নের শুরু করেছে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর আজ তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি। ডারউইন টেস্টের প্রথম দুই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছড়ি ঘোড়াচ্ছে সফরকারীরা।
গতকাল অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর দায়িত্বটা ছিল ব্যাটারদের। সেটি যেন ঠিকঠাক ভাবে পালন করলেন বাংলাদেশের ব্যাটাররা। ৩২ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেন তামিম। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক।
আউট হওয়ার আগে তামিমের নামের পাশে ১৯৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০১ রান। তামিম এবং নাজমুল হোসেন শান্তর (৮৪) দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিনশেষে ১৫৩ রানের লিড বাংলাদেশের।-- টি স্পোর্টস
দিনের খেলাশেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে হাজির হন তামিম। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি বাবা-মাকে উৎগর্গ করে এই বাহাতি ওপেনার বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়াটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগার একটি মুহূর্ত। সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’
সেঞ্চুরির পথে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্সদের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন তামিম। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে কার বল সহজ মনে হয়েছে আর কার বল কঠিন ছিল প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী জবাব দেন তামিম। তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। আর আমি আসলে কখনো বোলার দেখে খেলি না, আমি সবসময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করার।’
আউট হওয়ার পর স্ট্যান্ডিং ওভেশন পাওয়া অনুভূতি জানাতে গিয়ে তামিম বলেন, ‘স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটি জায়গা। খুব ভালো লাগছিল, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যা আজকে অনুভব করেছি।’
৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ (৩২*) ও হাসাম মাহমুদ (১৩*) রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করবেন। ম্যাচে এখনো বাকি তিনদিন। তৃতীয় দিনে বাংলাদেশ স্বভাবতই চাইবে লিড যতটা সম্ভব বাড়ানোর।
সেই কথা বললেন তামিমও, ‘আমাদের মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা বেশি ব্যাটিং করতে পারব ততক্ষণ আমাদের দলের জন্য ভালো। যেহেতু আমাদের হাতে এখনো তিন দিন সময় আছে, আমরা চাইব যত বেশি সেশন ব্যাটিং করা যায়। যত বেশি রান দেওয়া যাবে আমাদের বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।