স্পোর্টস ডেস্ক : ভাগ্য খারাপ জন টার্নারের। বারবার ফিরে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু পিঠের স্ট্রেস ফ্র্যাকচার শেষ পর্যন্ত থমকেই গেল সম্ভাবনাময় এক ক্যারিয়ার। মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তরুণ পেসার জন টার্নার। ক্রিকেটের পাশাপাশি অর্থনীতিতে ডিগ্রি সম্পন্ন করা টার্নার এখন মাঠের বাইরে নতুন জীবনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া টার্নার ২০২৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এর আগেই ২০২৩ সালে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার।
অবসরের ঘোষণা দিয়ে টার্নার বলেন, 'এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। এক বছরেরও বেশি সময় ধরে আমাকে মাঠের বাইরে রাখা স্ট্রেস ফ্র্যাকচার এবং বারবার চোটে পড়ার অভিজ্ঞতা আমাকে ক্রিকেট ও ক্রিকেট-পরবর্তী জীবন নিয়ে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে, নতুন একটি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এটাই সঠিক সময়।'
২০২১ সালে হ্যাম্পশায়ারের হয়ে অভিষেক হয় টার্নারের। প্রথম ম্যাচেই সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালাস্টার কুককে আউট করে নজর কাড়েন তিনি। সব মিলিয়ে হ্যাম্পশায়ারের হয়ে ৫১ ম্যাচে শিকার করেন ৯৭ উইকেট। বিশেষ করে ২০২৩ সালের টি-টোয়েন্টি ব্লাস্টে ২১ উইকেট নিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়েন এই গতিতারকা।
টার্নারের অবসরের ঘোষণার পর হ্যাম্পশায়ারের ক্রিকেটের পরিচালক গাইলস হোয়াইট বলেন, 'জন অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটার। তার পেশাদার ক্যারিয়ারের সমাপ্তিতে আমরা সবাই ভীষণ দুঃখিত। গত পাঁচ বছরে হ্যাম্পশায়ারের সাফল্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে। চারবার টি-টোয়েন্টি ফাইনালস ডে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে শীর্ষ লড়াই এবং দুটি ওয়ানডে কাপ ফাইনালে তার ছিল উল্লেখযোগ্য অবদান।