স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলার হাতছানি রিশাদ হোসেনের সামনে। বাংলাদেশের লেগ স্পিনারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে অন্তর্ভুক্ত করে শক্তি বাড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত এসএ টোয়েন্টির চার আসরের তিনটিরই শিরোপা জয়ী দল তারা।
এই দলে রিশাদ সতীর্থ হিসেবে আরও পাচ্ছেন কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, আনরিক নরকিয়া, ট্রিস্টান স্টাবস, অ্যাডাম মিল্নের মতো ক্রিকেটারদের।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন রিশাদ। এখন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার হাতছানি ২৪ বছর বয়সী ক্রিকেটারের সামনে।
পঞ্চম আসরের জন্য ছয় ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ও নিলামের আগে চুক্তিবদ্ধ করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বুধবার। ডারবান’স সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস ইতোমধ্যে তাদের ১৯ সদস্যের দল গঠন সম্পন্ন করেছে। আগামী ৭ অক্টোবরের নিলামে বাকি চার ফ্র্যাঞ্চাইজিতে দল পাবেন ২০ জন ক্রিকেটার।
সরাসরি চুক্তিতে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে দলে নিয়েছে পার্ল রয়্যালস। আরেক ইংলিশ ক্রিকেটার স্যাম কারানকে নিয়েছে ডারবান’স সুপার জায়ান্টস। আরেক ইংলিশ অলরান্ডার উইল জ্যাকস প্রিটোরিয়া ক্যাপিটালস ছেড়ে এমআই কেপ টাউনে যোগ দিয়েছেন।
গত চার আসরে দলকে নেতৃত্ব দেওয়া ফাফ দু প্লেসিকে ছেড়ে দিয়েছে জোবার্গ সুপার কিংস। শুরু থেকে দলটির সঙ্গে থাকা আরেক দক্ষিণ আফ্রিকান গ্রেট ইমরান তাহিরের সঙ্গেও তারা সম্পর্ক ছিন্ন করেছে। তারা দলে নিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
পঞ্চম আসর শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি।