স্পোর্টস ডেস্ক : মেজর ক্রিকেট লিগে (এমএলসি) ভালো করতে পারেননি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে এসে ঠিকই নিজের জাত চেনালেন সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিংয়ে জাফনা কিংসকে জেতালেন ম্যাচ।
ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিবের হাতে বল তুলে দেন ভানুকা রাজাপাকসে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। প্রথম ওভারে মাত্র ৪ রান দেন সাকিব। এরপর ১২তম ওভারে সাকিবকে আবারও বোলিংয়ে আনেন ভানুকা। এবার মাত্র ১ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। পরের ওভারে এসে ৭ রান দেন সাকিব।
নিজের শেষ ওভারে এসে আরও দুর্দান্ত বোলিং করেছেন সাকিব। কোনো রান না দিয়েই শিকার করেন ১ উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে সাকিবের শিকার ২ উইকেট।
ব্যাটিংয়ে অবশ্য সুযোগ মেলেনি সাকিবের। তার আগেই জয় তুলে নিয়েছে জাফনা কিংস। সাকিবের দুর্দান্ত বোলিংয়ের দিনে ডাম্বুলা সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছে জাফনা। আগে ব্যাট করে ১৩০ রান তোলে জাফনা। জবাবে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ভানুকা রাজাপাকসের দল।