স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দীর্ঘদিনের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর দলটির নতুন কোচ কে হবেন—এ প্রশ্ন এখন আইপিএল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। এ নিয়ে নিজের মতামত জানিয়ে ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, মাহেন্দ্র সিং ধোনি যদি দায়িত্ব নিতে রাজি হন, তাহলে তার চেয়ে ভালো বিকল্প চেন্নাইয়ের জন্য আর কেউ হতে পারেন না।
২০০৮ সালে খেলোয়াড় হিসেবে চেন্নাইতে যোগ দেওয়া সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ২০০৯ সাল থেকে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন দলটির। তার অধীনে চেন্নাই পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপা জয় করেছে। এছাড়া ১০ বার আইপিএল ফাইনাল এবং ১২ বার প্লে-অফ খেলেছে তার অধীনেই।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, 'ফ্লেমিং খুব ভালোভাবে বুঝতেন ধোনির চিন্তাভাবনা কীভাবে কাজ করে। আবার ধোনিও জানতেন ফ্লেমিং কি চাইছে। দু'জনই আসলে অসাধারণ সহযোদ্ধা। দীর্ঘ সময় তারা সফলতার সাথে কাটিয়েছেন। তবে আমার মনে হয়, এখন চেন্নাই সুপার কিংসের নতুন পথে হাঁটার সময় এসেছে।
ধোনিকে কোচ হিসেবে দেখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, 'ধোনি যদি এই দায়িত্ব নিতে রাজি থাকেন, তাহলে চেন্নাই সুপার কিংসের জন্য তার চেয়ে ভালো আর কেউ হতে পারেন না।
তবে ধোনি দায়িত্ব না নিলে নতুন কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরামর্শও দেন অশ্বিন। তার ভাষায়, 'চেন্নাইয়ের তখন এমন কাউকে আনতে হবে, যিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং নিজের সিদ্ধান্তের সম্পূর্ণ দায়ভার নিতে পারবেন।
অশ্বিন আরও বলেন, যেই দলের ড্রেসিংরুমে আসবেন, তার জন্য কিছুটা অনিশ্চয়তা থাকবেই। কারণ মাহেন্দ্র সিং ধোনি বিশাল এক নাম। দল নির্বাচনসহ নানা আলোচনায় এখনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।